ইয়েমেনের হুথি বিদ্রোহীদের রাজনৈতিক, আর্থিক ও বিচারিকভাবে বিচ্ছিন্ন করতে বিস্তৃত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে আরব পার্লামেন্ট। একই সঙ্গে গোষ্ঠীটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৩ নভেম্বর) সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নিয়েছে আরব পার্লামেন্ট। শুক্রবার সামাজিকমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হুতিদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহের উৎস বন্ধ করা এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ও লঙ্ঘনের জন্য দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহির মুখোমুখি করাই এ পরিকল্পনার লক্ষ্য।
চারটি প্রধান ধারায় এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
প্রথমত, কূটনৈতিক উদ্যোগের আওতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্র—অ্যামেরিকা, বৃটেইন, ফ্রান্স, রাশিয়া ও চীনের পার্লামেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে আরব পার্লামেন্ট। এর মাধ্যমে হুথিদের হামলা বন্ধে আন্তর্জাতিক সমর্থন আদায় এবং তাদের অর্থ ও অস্ত্র সরবরাহের উৎস বন্ধে চাপ তৈরির চেষ্টা করা হবে।
দ্বিতীয়ত, রাজনৈতিক ও নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে যেসব দেশ ও আঞ্চলিক-আন্তর্জাতিক সংস্থা এখনো হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেনি, সেসব জায়গায় সমর্থন আদায়ে কাজ করবে সংস্থাটি। এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর।
তৃতীয়ত, বিচারিক উদ্যোগের আওতায় হুথিদের বিরুদ্ধে সংঘটিত হামলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে তথ্যপ্রমাণসহ একটি পূর্ণাঙ্গ আইনি নথি তৈরি করা হবে। এসব কর্মকাণ্ডের মধ্যে যুদ্ধাপরাধসহ আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারভুক্ত অপরাধ রয়েছে কি না, তা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক বিচারব্যবস্থার মাধ্যমে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।
চতুর্থত, অর্থনৈতিক উদ্যোগের মাধ্যমে হুথিদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহের নেটওয়ার্ক বন্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করা হবে। এ জন্য অর্থ পাচার, অস্ত্র চোরাচালান, অর্থায়নে জড়িত বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আর্থিক লেনদেনের নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টেও আলোচনা চলছে। গত মাসে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়ে গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।
তবে এখনো ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে হুথিদের সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেনি। এ বিষয়ে সদস্যদেশগুলোর সর্বসম্মত সমর্থন প্রয়োজন।
আরব পার্লামেন্টের মতে, হুথিদের হামলার প্রভাব শুধু সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। এসব হামলা সামুদ্রিক ও আকাশপথের চলাচল, বৈশ্বিক জ্বালানি সরবরাহ, পণ্য পরিবহন এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও হুমকি তৈরি করছে।