গাযায় যুদ্ধবিধ্বস্ত একটি সাত তলা ভবনধসে অন্তত ১৬ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ৫টি শিশু। বুধবারভোরে গাযা সিটিতে এই মর্মান্তিক দুর্ঘটা ঘটে। গাযার সিভিলডিফেন্স অথরিটি জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় শতাধিক মানুষ আটকা পড়ে আছেন।গাযা সিটি সিভিল ডিফেন্স অথরিটির পরিচালক রায়েদ আল-দাহশান জানান, আগে থেকেই ইযরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ভবনটিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে বসবাস করছিল অন্তত ১০টি পরিবার। তিনি বলেন, ‘ভবনটি আগে হামলার শিকার হয়েছিল। কিন্তু বিকল্প না থাকায় নাগরিকরা এখানেই বসবাস করতে বাধ্য হয়েছিল।’
জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউ.এন.ডিপি জানিয়েছে, ভারী সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ফলে উদ্ধারকর্মীরা প্রায় খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। সংস্থাটির গাযা প্রধান আলেসান্দ্রো ম্রাকিক জানান, গাযায় এমন প্রায় ৪০০টি ভবন ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত হৃদয় বিদারক। আমাদের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা মেশিন নেই, ফলে মানুষ খালি হাতেই মাটি খুঁড়ছে। আসন্ন শীতের আগে প্রায় ৪০০টি ভবন ধসের ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এগিয়ে আসতে হবে।’ ইউ.এন.ডিপি’র কর্মীদেরও উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে বলে জানান আলেসান্দ্রো।
গাযার উদ্ধারকারীরা জানান, সাত তলা ভবন আচমকাই ধসেপড়ায় রাতারাতি মাটির সঙ্গে মিশে যায় ১০টিরও বেশি পরিবারের আশ্রয়স্থল। এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসছে শিশুদের কান্নার আওয়াজ।
স্থানীয়রা জানান, মাথা গোঁজার মতো তাঁবু না থাকায় এবং ঝড়-বৃষ্টি থেকে বাঁচতে ঝুঁকি জেনেও এমন জরাজীর্ণ ভবনে আশ্রয় নিয়েছিলেন সাধারণ প্যালেস্টিনিয়ানরা। এখন জীবন বাঁচানোর প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি না থাকায় সিভিল ডিফেন্স কর্মীরা খালি হাতেই ইট-পাথরের জঞ্জাল সরানোর চেষ্টা করছেন।
গাযা সিভিল ডিফেন্স বলছে, জরুরি ভারী সরঞ্জাম ও আন্তর্জাতিক সহায়তা না পৌঁছালে সামনে আরো বড় মানবিক বিপর্যয় অপেক্ষা করছে।