শিশুটির পৃথিবীতে আসার বয়স ছিল মাত্র ১৬ দিন। আর দশটা সন্তানের মতোই তাকে বড় করার স্বপ্ন ছিল মা-বাবার, কিন্তু ঘনিষ্ঠ কয়েকজনের একটি চাওয়াকে পাওয়ায় পরিণত করার উপলক্ষ হয়ে এ বয়সেই তাকে নির্মমভাবে বিদায় নিতে হয় ধরা থেকে।
ঘটনাটি ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরের, যা নিয়ে শনিবার খবর প্রকাশ করে এনডিটিভি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চার নারী তাদের ১৬ দিনের ভাগ্নেকে হত্যা করেছেন পদদলিত করে, যা দৃশ্যত ধর্মীয় আচারকেন্দ্রিক হত্যা। এসব নিকটাত্মীয়ের বিশ্বাস ছিল, অবশেষে তাদের বিয়ের পিঁড়িতে বসতে সাহায্য করবে শিশুবধ।
ভিডিও ভাইরাল
বেদনাদায়ক ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে, যেখানে চার নারীর একজনের কোলে দেখা যায় শিশুটিকে। ওই নারী উচ্চস্বরে কিছু একটা জপছিলেন।
তার পাশে বসা আরেক নারী একই বিষয় জপছিলেন জানিয়ে কর্মকর্তারা বলেন, তারা সম্ভবত লোকদেবতা ভেরুকে ডাকছিলেন।
কঠোর সাজা চান বাবা
বাবার ভাষ্য, হত্যাকারীরা সম্পর্কে ছেলে শিশুটির খালা। তারা দীর্ঘদিন ধরে বিয়ে করতে চাইছিলেন। সে আশা পূরণ না হওয়ায় ছেলেটিকে পদদলিত করে হত্যা করেন, যাতে করে তারা বিয়ের প্রস্তাব পান।
হত্যাকারীদের কঠোর সাজা চেয়ে বাবা বলেন, ‘এ ধরনের ভিডিও তৈরি করা হয়েছে আইনের হাত থেকে বাঁচতে।’
ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।