ফ্রান্সে হিট ওয়েভ তথা তীব্র তাপ প্রবাহে গত রোববার ও সোমবার ভোর পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গরম থেকে স্বস্তি পেতে পানিতে নেমে ১৩ জন ডুবে মারা যান। চরম তাপমাত্রার কারণে মারা যান আরও তিনজন বৃদ্ধ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির সিভিল সেফটি সার্ভিস এসব মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্সজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে হাজার হাজার স্কুল বন্ধ রাখা হয়েছে এমনকি পাঠসূচিতে পরিবর্তন আনা হয়েছে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর মেতেও ফ্রান্স জানিয়েছে, সোমবার ৪৯টি প্রশাসনিক অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বোর্দো শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেন, অন্তত কয়েক দিন ধরে দেশটিতে অত্যন্ত গরম আবহাওয়া বিরাজ করবে এবং কবে পরিস্থিতির উন্নতি হবে, তা এখনো নিশ্চিত নয়।
ফরাসি সিভিল সেফটি সার্ভিসের মুখপাত্র জেরোম বুলাঞ্জার জনগণকে সতর্ক করে বলেছেন, শুধু নিরাপদ ও অনুমোদিত স্থানে সাঁতার কাটতে হবে। তীব্র গরমের কারণে মানুষ যেভাবে নদী, হ্রদ ও অন্যান্য জলাশয়ে ছুটে যাচ্ছে, তাতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা-ডব্লিউএমওর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণের বেশি হারে উষ্ণতা বাড়ছে।