ইউক্রেইনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে রাশিয়ার জেটচালিত ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইউক্রেনীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় ছিল। সেখানে দক্ষিণাঞ্চলীয় শহর ঝাপোরিঝঝিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল একটি কমিউটার ট্রেন। এ সময় প্ল্যাটফর্মে আঘাত হানে জেটচালিত ড্রোনটি।
দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানজা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, রুশ হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত পাঁচজন আহত হয়েছেন।
দিনিপ্রো শহরের মেয়র বরিস ফিলাতভও সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বেসামরিক ইলেকট্রিক ট্রেনে ড্রোন আঘাত হেনেছে। এতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।
ইউক্রেইনের রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান উক্রজালিজনিতসিয়া জানায়, হামলার সময় দিনিপ্রো থেকে ঝাপোরিঝঝিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল একটি যাত্রীবাহী ট্রেন। স্টেশনের প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা ড্রোন হামলার শিকার হন।
প্রতিষ্ঠানটি জানায়, ওই এলাকায় বিপদের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়ে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও প্ল্যাটফর্মে যাত্রীরা উপস্থিত ছিলেন। হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছে উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেন।
ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে রেল যোগাযোগব্যবস্থা বারবার হামলার মুখে পড়েছে। যুদ্ধের মধ্যে যাত্রী পরিবহন ও পণ্য সরবরাহের জন্য রেল নেটওয়ার্ক ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে কাজ করছে।
দিনিপ্রোর এই হামলায় আবারও বেসামরিক যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।