ইলিনয় স্টেইটে হিন্দু উপাসনালয়ে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, গ্রেপ্তার হওয়া ওই সন্দেহভাজন হলেন ১৯ বছর বয়সী তরুণ আলেক্সান্দ্রোস পাপোরাকিস। তিনি ইলিনয়ের পালাটাইন গ্রামের বাসিন্দা। ওই তরুণের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি দেওয়া এবং অবৈধভাবে ছোট ব্যারেলের রাইফেল রাখার অভিযোগ আনা হয়েছে।
পালাটাইন পুলিশ বিভাগ জানিয়েছে, ব্যাপক গুলিবর্ষণের সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে মাউন্ট প্রসপেক্ট পুলিশ বিভাগের কাছ থেকে তথ্য পাওয়ার পর রোববার সন্ধ্যায় পাপোরাকিসকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, এক ব্যক্তি সন্দেহভাজনের পাঠানো কিছু উদ্বেগজনক ইলেকট্রনিক বার্তার বিষয়ে কর্তৃপক্ষকে জানান। পরে তদন্তে তার কাছে ব্যাপক গুলিবর্ষণের পরিকল্পনা তুলে ধরে তৈরি করা একটি নথির সন্ধান পাওয়া যায়। ওই নথির সঙ্গে রাইফেল, গুলির ম্যাগাজিন, শরীরের সুরক্ষাবর্ম ও অন্যান্য কৌশলগত সরঞ্জামের ছবিও ছিল।
গ্রেপ্তারের পর পাপোরাকিসের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, গুলিভর্তি একাধিক ম্যাগাজিন, শত শত অতিরিক্ত গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এছাড়াও তদন্ত কর্মকর্তারা তার কাছে শরীরের সুরক্ষাবর্মযুক্ত একটি কৌশলগত ভেস্ট পেয়েছেন। এতে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী চরমপন্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতীক ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, পাপোরাকিসের ইলেকট্রনিক যোগাযোগ এবং তার নামে থাকা একটি নথি পরীক্ষা করে চরমপন্থী মতাদর্শের প্রমাণ পাওয়া গেছে। ‘হোয়াই আই ফট: এ.কে.এ. (অরোরা শুটারস ম্যানিফেস্টো)’ শিরোনামের ওই নথিতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত মানুষের বিরুদ্ধে সহিংসতার কথা উল্লেখ ছিল।
তদন্ত কর্মকর্তাদের ধারণা, গত ১১ অক্টোবর অরোরা এলাকার কোনো হিন্দু উপাসনালয়কে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিলেন পাপোরাকিস। তবে নির্দিষ্ট কোন উপাসনালয় তার সম্ভাব্য লক্ষ্য ছিল, তা এখনো নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।
পাপোরাকিসকে বুধবার কুক কাউন্টির একটি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে আটক রাখার নির্দেশ দেন। আগামী ৩০ অক্টোবর স্থানীয় সময় সকাল ৯টায় পাপোরাকিসের পরবর্তী আদালতে হাজিরার তারিখ নির্ধারণ করা হয়েছে।