জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে কর্তব্যরত এক সেনার বন্দুকের গুলিতে বুধবার আহত হন পাঁচ সেনা সদস্য।
এনবিসি নিউজ জানায়, অভিযুক্ত সেনা সদস্য ২৮ বছর বয়সী কোর্নেলিয়াস র্যাডফোর্ড, যিনি তিন বছর ধরে ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে দায়িত্ব পালন করছেন।
ফ্লোরিডার জ্যাকসনভিলের অটোমেটেড লজিস্টিক সার্জেন্ট র্যাডফোর্ডকে ফোর্ট স্টুয়ার্টে অবস্থিত সেকেন্ড ব্রিগেড কমব্যাট টিমে নিযুক্ত করা হয়।
সামরিক বাহিনী জানায়, ২০১৮ সালের জানুয়ারিতে অটোমেটেড লজিস্টিক বিশেষজ্ঞ হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন র্যাডফোর্ড। ২০২২ সাল থেকে তিনি ফোর্ট স্টুয়ার্টে কাজ করছেন। সেখানে তাকে সেকেন্ড ব্রিগেডের একটি সাসটেইনমেন্ট ইউনিটে নিযুক্ত করা হয়।
ফোর্ট স্টুয়ার্ট-হান্টার আর্মি এয়ারফিল্ড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস বলেছেন, অভিযুক্ত ব্যক্তি সামরিক অস্ত্র নয়, বরং ব্যক্তিগত একটি হ্যান্ডগান দিয়ে হামলা চালান।
হামলার উদ্দেশ্যে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে সাংবাদিকদের জানান লুবাস।
ব্যক্তিগত ব্যবহারের বন্দুকটি কীভাবে ঘাঁটিতে প্রবেশ করেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে জর্জিয়ার লিবার্টি কাউন্টি শেরিফের অফিস থেকে মে মাসের গ্রেপ্তার এবং বুকিং রিপোর্টে দেখা যায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে কোর্নেলিয়াস র্যাডফোর্ড নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
লুবাস বলেন, ‘সেনাবাহিনীর ধারণা, র্যাডফোর্ডকে স্থানীয়ভাবে মদ পান করে গাড়ি চালানোর (ডিইউআই) অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এ ঘটনা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতেন না। ফোর্ট স্টুয়ার্টের ঘটনার পরই আইন প্রয়োগকারী সংস্থার ডেটাবেজ খুঁজে বিষয়টি জানতে পারেন তারা।’
শেরিফের রিপোর্টে বলা হয়, ওই মামলায় র্যাডফোর্ডকে গ্রেপ্তার করে হাইনসভিলের জর্জিয়া হাইওয়ে পেট্রোল পোস্ট। রিপোর্টে গ্রেপ্তারের সময় ১৮ মে রাত একটা দুই মিনিট উল্লেখ করা হয়েছে। রেকর্ডে দেখা যায়, ১৮১৮ ডলারের বন্ড জমা দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।
লুবাস বলেছেন, র্যাডফোর্ডকে বিচার শুরু হওয়ার আগেই আটক রাখা হয়েছে। এখন স্পেশাল ট্রায়াল কাউন্সিল তার বিরুদ্ধে অভিযোগ আনবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা করা হচ্ছে। এরই মধ্যে সামরিক বাহিনীর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে।
র্যাডফোর্ডের বিষয়ে আরও তথ্য জানার জন্য এনবিসির পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়, তবে তাদের ফোন নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।