জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধের জেরে চূড়ান্ত চুক্তি ছাড়াই জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ৩১ সম্মেলন শেষ হয়েছে। চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার প্রসঙ্গ না থাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশ তা প্রত্যাখ্যান করেছে।
ইইউর পক্ষে বক্তব্য দিয়ে আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী দারা ও’ব্রায়েন বলেন, প্রস্তাবিত চুক্তি বর্তমান সময়ের প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই।
তিনি বলেন, ‘আমরা এমন কোনো সিদ্ধান্ত সমর্থন করব না, যা বৈজ্ঞানিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বৈশ্বিক অঙ্গীকার ও প্রয়োজনীয় পদক্ষেপের মধ্যে ব্যবধান আরও বাড়িয়ে দেয়।’
তুরস্কের আনাতালিয়ায় গত ৯ নভেম্বর শুরু হয় জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপ ৩১। সম্মেলনটি শেষ হওয়ার কথা ছিল গত ২০ নভেম্বর। তবে মতবিরোধের জেরে আলোচনা আরও দুইদিন গড়ালেও, রোববার কোনো সমঝোতা ছাড়াই সম্মেলন শেষ হয়।
সম্মেলনের শুরুতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার দাবি জানিয়েছিল ১৩০টিরও বেশি দেশ। তবে প্রস্তাবিত চুক্তিতে দাবিটি আর সমর্থন পায়নি।
বিশেষ করে, তেল, প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরোধিতার মুখে দাবিটি চূড়ান্ত খসড়ায় অবস্থান হারায়। এদিকে, ইইউ-এর পাশাপাশি জীবশ্ম জ্বালানির ব্যবহার কমানোর উল্লেখ না থাকায় চূড়ান্ত খসড়ার বিরোধিতা জানিয়েছে পানামা, নরওয়েসহ বিভিন্ন ছোট দ্বীপরাষ্ট্র ও দরিদ্র দেশগুলো।
তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে আয়োজিত এবারের সম্মেলনের চূড়ান্ত খসড়াটির নাম ছিল ‘আনাতালিয়া প্যাক্ট।‘ সম্মেলনের সভাপতি তুরস্কের মুরাত কুরুম স্বীকার করেছেন, মূল চুক্তির খসড়া নিয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। তাই সেটি গ্রহণ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। শেষ পর্যন্ত এই লেখা কারও ওপর চাপিয়ে দিইনি কিংবা “হয় মেনে নাও, নয়তো প্রত্যাখ্যান করো”—এমন কোনো অবস্থানও নিইনি।’
তবে সম্মেলন পুরোপুরি ব্যর্থ হওয়া ঠেকাতে কম বিতর্কিত কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কুরুম। এর মধ্যে আছে, অংশ নেওয়া দেশগুলোর অর্থনীতিতে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনে প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে অর্থায়ন, পাহাড়ি অঞ্চল, বাস্তুতন্ত্র ও হিমবাহনির্ভর জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দুই বছর মেয়াদি কর্মসূচিসহ বিভিন্ন সিদ্ধান্ত।