নিউ ইয়র্কে শুরু হচ্ছে আইস এর অভিযান, নেয়া হয়েছে বিশেষ পদক্ষেপ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩ ২০২৬, ১৮:২৯

নিউ ইয়র্কে শুরু হচ্ছে আইস এর অভিযান, নেয়া হয়েছে বিশেষ পদক্ষেপ
  • 0

মঙ্গলবার নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয়েছে, স্টেইট জুড়ে ফেডারেল অভিবাসন তৎপরতা পর্যবেক্ষণ এবং ডকুমেন্ট করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করা হয়েছে।

এই উদ্যোগের আওতায়, অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে পর্যবেক্ষকদের বা লিগাল অবজারভারদের স্টেইটের বিভিন্ন জায়গায় পাঠানো হবে, যেখানে ফেডারেল অভিবাসন অভিযান হচ্ছে।

অ্যাটর্নি জেনারেলের অফিসের স্বেচ্ছাসেবীদের মধ্যে থেকে লিগাল অবজারভারদের বাছাই করা হবে এবং তারা নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী হিসেবে কাজ করবেন—অর্থাৎ কোনো তৎপরতায় হস্তক্ষেপ করবেন না, বরং বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ ও নথিভুক্ত করবেন। পর্যবেক্ষকরা বেগুনি ভেস্ট পরিধান করবেন, যাতে সহজেই চিহ্নিত করা যায়।

নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, “আমরা মিনেসোটায় যা ঘটেছে তা দেখেছি—যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে ফেডারেল অভিযান দ্রুত ও মর্মান্তিকভাবে প্রকট রূপ নিয়েছে। তাই আমাদের অফিস নিউ ইয়র্কে ফেডারেল কার্যক্রম পরীক্ষা করার জন্য এই লিগাল অবজারভেশন প্রজেক্ট শুরু করছে যেন আইনগত সীমার মধ্যে তা কার্যকর হচ্ছে কি না তা নিরীক্ষা করা যায়।”

লিগাল অবজারভারদের সংকলিত রেকর্ডগুলি স্বাধীন ডেটা হিসেবে কাজ করবে এবং যেখানে সম্ভাব্য আইনের লঙ্ঘন ঘটবে, সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস আইনি কার্যক্রমে সহায়তা করবে।

সম্প্রতি নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও বাসিন্দাদের আইসের কার্যক্রম রেকর্ড করে একটি ওয়েবপেজে আপলোড করার আহ্বান জানিয়েছেন। তবে নিউ ইয়র্কের উদ্যোগটি হবে প্রথম যেখানে কোনো অ্যাটর্নি জেনারেলের অফিস সরাসরি আইনজীবী ও স্টেইটের অন্যান্য কর্মীদের দিয়ে আইসের অভিযান ও কার্যক্রমে নজরদারি করবে।