বর্ডার এজেন্টের গায়ে স্যান্ডউইচ: জাস্টিস ডিপার্টমেন্টের কর্মী বরখাস্ত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪ ২০২৫, ২১:১৭

অভিযুক্ত ব্যক্তিকে কর্মকর্তার দিকে স্যান্ডউইচ ছুড়ে মারতে দেখা যায় এক ভিডিওতে।  ছবি: ইয়াহু

অভিযুক্ত ব্যক্তিকে কর্মকর্তার দিকে স্যান্ডউইচ ছুড়ে মারতে দেখা যায় এক ভিডিওতে। ছবি: ইয়াহু

  • 0

সাবওয়ে স্যান্ডউইচ ছোড়ার ঘটনায় অভিযুক্ত শন চার্লস ডান জাস্টিস ডিপার্টমেন্টের অপরাধ বিভাগের আন্তর্জাতিকবিষয়ক শাখায় কাজ করতেন।

ওয়াশিংটন ডিসিতে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এজেন্ট-সিবিপির একজন এজেন্টের গায়ে স্যান্ডউইচ ছোড়ায় অভিযুক্ত ব্যক্তিটি জাস্টিস ডিপার্টমেন্টের কর্মী বলে বৃহস্পতিবার জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তিনি এইমাত্র জানতে পেরেছেন যে, বিবাদী জাস্টিস ডিপার্টমেন্টে কাজ করতেন। শুধু বরখাস্তই করা হয়নি; তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।

জাস্টিস ডিপার্টমেন্টের একটি সূত্র এনবিসি নিউজকে জানায়, সাবওয়ে স্যান্ডউইচ ছোড়ার ঘটনায় অভিযুক্ত শন চার্লস ডান জাস্টিস ডিপার্টমেন্টের অপরাধ বিভাগের আন্তর্জাতিকবিষয়ক শাখায় কাজ করতেন।

এ বিষয়ে জানতে চাইলে ডানের আইনজীবী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

প্রসিকিউটররা আদালতে করা আবেদনে জানান, সিবিপি এজেন্টদের সঙ্গে ডানের মুখোমুখি অবস্থা তৈরি হয় রবিবার রাতে। ওই সময় ইউ স্ট্রিটে একটি সাবওয়ে স্যান্ডউইচের দোকানের কাছে পাহারারত সিবিপি কর্মকর্তাদের সঙ্গে ডানের বাদানুবাদ হয়।

রাজধানী শহরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়াতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চেষ্টার অংশ হিসেবে দৃশ্যত ঘটনাস্থলে ছিলেন সিবিপি কর্মকর্তারা।

আবেদনে বলা হয়, ডানের হাতে ছিল মোড়ানো লম্বা একটি স্যান্ডউইচ। তিনি একজন কর্মকর্তা থেকে কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে বলেন, ‘এফ…ইউ! ইউ এফ…ইং ফ্যাসিস্ট!

‘আপনারা এখানে কেন এসেছেন? আমার শহরে আপনাদের দেখতে চাই না।’

ওই বক্তব্যের পর অভিযুক্ত ব্যক্তিকে কর্মকর্তার দিকে স্যান্ডউইচ ছুড়ে মারতে দেখা যায় এক ভিডিওতে। ওই সময় কর্মকর্তার গায়ে বুলেট প্রুফ ভেস্ট ছিল বলে মনে হচ্ছে।

আবেদনে উল্লেখ করা হয়, স্যান্ডউইচ ছোড়ার পর ডান হেঁটে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করেন, তবে দ্রুতই তিনি ধরা পড়েন।