নিউ ইয়র্ক সিটিতে মাদক বিরোধী অভিযান চলাকালীন এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির এক সার্জেন্টের আজ(বৃহস্পতিবার) সাজা ঘোষণা করা হবে।
অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন এরিক ডুরান। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত, বেপরোয়া হত্যার অভিযোগ আনা হয়েছে।
সংবাদমাধ্যম আইউইটনেস নিউজ জানায়, ২০২৩ সালে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে অভিযান চলাকালীন ডুরান কর্তৃক এরিক ডুপ্রে নামের ৩০ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন।
বিচার চলাকালীন আদালতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনা চলাকালীন স্কুটারে করে পালানোর চেষ্টা করছিলেন ডুপ্রে। সন্দেহভাজনকে ধরতে তার দিকে বরফ রাখার বাক্স ছুঁড়ে মারেন ডুরান।
বাক্সের আঘাতে ডুপ্রে গুরুতর আহত হন ও কিছুক্ষণ পর মারা যান।
ডুরানের দাবি, সন্দেহভাজন মাদক বিক্রি করে পালানোর চেষ্টা করছিলেন। তার আশঙ্কা ছিল, ডুপ্রে পালানোর জন্য অন্য কর্মকর্তাদের আঘাত করতে পারেন।
ডুরানের আইনজীবিরা জানান, সন্দেহভাজনের দিকে ছুঁড়ে মারা বাক্সটি পূর্ণ ছিল, এটি তিনি জানতেন না। পাশপাশি সঙ্গে অন্য বস্তু না থাকায় তাৎক্ষণিক ভারী বস্তু ছুঁড়ে মারতে তিনি বাধ্য হন।
তবে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্ত ডুরানের ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
ইতোমধ্যে অভিযুক্তকে কারাদণ্ড না দিতে ১১০০০ হাজারের বেশি পুলিশ কর্মকর্তার সাক্ষরিত একটি আবেদন জমা দিয়েছেন ডুরানের আইনজীবিরা।
এদিকে দীর্ঘসময় ডুরানের কারাদণ্ডের দাবিতে মঙ্গলবার সমাবেশ করেছে নিউ ইয়র্কের ব্ল্যাক লাইভস মেটার গ্রেটার সংগঠনের অধিকারকর্মীরা।