Skip to main content

পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৪

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৪ ২০২৬, ১৪:১১

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করছেন নিরাপত্তাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। ছবি: আল জাজিরা

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করছেন নিরাপত্তাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। ছবি: আল জাজিরা

  • 0

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে। হামলার ঘটনায় কোয়েটার সব সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী গাড়িবোমা হামলায় একটি সৈন্যবাহী ট্রেনে অন্তত ২৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০জন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আজ রোববার প্রদেশের রাজধানী কোয়েটা শহরে এ ঘটনা ঘটে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানানো হয়, বিস্ফোরণের ফলে হামলার ঘটনাস্থল তথা রেলপথ সংলগ্ন বেশ কয়েকটি বাড়ি ও ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সময় হামলার শিকার ট্রেনটির কয়েকটি বগিতে আগুন লাগে ও উল্টে যায়।

পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার ঘটনায় কোয়েটার সব সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের যাবতীয় ছুটি বাতিল করে কাজের নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর ট্রেনের বগিগুলো কাত হয়ে পড়ে আছে এবং আগুনের ধোঁয়য় কুণ্ডুলি পাকিয়ে আকাশ ছেয়ে গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক এক্স পোস্টে এ হামলার নিন্দা জানিয়েছেন।

শরিফ তার পোস্টে লিখেছেন, এমন কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড পাকিস্তানের জনগণের সংকল্পকে দূর্বল করতে পারবে না। আমরা সন্ত্রাসবাদের সব ধরনের রূপ অপসারণে অটল থাকব।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। গত কয়েক মাসে বিভিন্ন গোষ্ঠী কর্তৃক বেশ কয়েকটি হামলার মুখোমুখি হয়েছে দেশটি।

মূলত ’চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর’ প্রকল্পের অধীনে পাকিস্তানে চীনা অবকাঠামো নির্মাণে বিরোধিতা এসব হামলার কারণ। পাকিস্তানি সেনাবাহিনী ছাড়াও প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে গোষ্ঠীগুলো।