ইসরায়েলের বিমানবন্দরে বারবার হামলা করতে চায় হুতিরা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৪ ২০২৫, ২২:৪৩

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: রয়টার্স

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: রয়টার্স

  • 0

গাজায় ইসরায়েলের ‘আগ্রাসী’ অভিযান বাড়ানোর জবাবে এ ব্যবস্থা নেওয়ার হুমকি দেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী রবিবার বলেছে, ইসরায়েলের বিমানবন্দরগুলোতে বারবার হামলার মাধ্যমে ‘সমন্বিত আকাশ অবরোধ’ আরোপ করতে চায় তারা।

গাজায় ইসরায়েলের ‘আগ্রাসী’ অভিযান বাড়ানোর জবাবে এ ব্যবস্থা নেওয়ার হুমকি দেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

রয়টার্স জানায়, রবিবার ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বন্দর সংলগ্ন এলাকায়। এর ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

এ হামলার জবাবে হুতি ও ইরানের বিরুদ্ধে ব্যবস্থার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী বলেছে, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এ হামলা চালানো হচ্ছে।

বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধের খবরের পর ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরটির স্বাভাবিক কর্মকাণ্ড শুরু হয়েছে।

এদিকে লুফথানসা, ডেলটা, আইটিএ এয়ারওয়েজ এবং এয়ার ফ্রান্স জানিয়েছে, তেল আবিবে আসা-যাওয়ার ফ্লাইট বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানগুলো। এসব ফ্লাইটের মধ্যে সোমবার ও মঙ্গলবারের কয়েকটি রয়েছে।